গাজীপুরে সোয়ান কারখানায় শ্রমিকদের কর্মবিরতি কারখানা বন্ধ ঘোষণা
গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ি এলাকার একটি সোয়েটার কারখানার শ্রমিকেরা গতকাল বুধবার সকালে মজুরির হার বাড়ানোর দাবিতে কর্মবিরতি পালন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। শ্রমিকদের নিয়ন্ত্রণে আনতে না পেরে কর্তৃপক্ষ কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কোনাবাড়ি-আমবাগ সড়কের পাশে মাছিহাতা গ্রুপের সোয়ান সোয়েটার লিমিটেড নামের সোয়েটার তৈরির কারখানার শ্রমিকেরা দীর্ঘদিন ধরে মজুরির হার বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। গত মঙ্গলবার শ্রমিকদের বেতন দেওয়া হয় কিন্তু তাতে মজুরির হার বাড়ানোর বিষয়টি ছিল না।কারখানার শ্রমিকেরা গতকাল সকালে কাজে যোগ না দিয়ে মজুরির হার বাড়ানোর দাবিতে কর্মবিরতি পালন করেন। এ সময় শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ-সমাবেশ করতে থাকেন। খবর পেয়ে কোনাবাড়ি ফাঁড়ি পুলিশ ও আর্মড পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। দুপুরের খাবারের সময় হলে শ্রমিকেরা ধীরে ধীরে বাড়ি চলে যান। কারখানার পরিচালক নিস্তার হোসাইন মাহবুব জানান, অন্য সোয়েটার কারখানায় যে হারে মজুরি দেওয়া হয়, তাঁরাও একই হারে মজুরি দেন। তার পরও শ্রমিকেরা অযৌক্তিক দাবি জানানোয় কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিবেশ শান্ত হলে কারখানা যেকোনো সময় খুলে দেওয়া হবে।