গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে গতকাল শুক্রবার সকালে একটি সোয়েটার কারখানায় আগুন লেগে বিপুল পরিমাণ সোয়েটার ও রাসায়নিক পদার্থ পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় দমকলকর্মী ও কারখানার শ্রমিকসহ কমপক্ষে ২০ জন অসুস্থ হয়ে পড়েছেন। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৪ কোটি টাকা। গাজীপুর সদরের কাশিমপুর ইউনিয়নের শিবরামপুর এলাকার টুং হাই নিটিং অ্যান্ড ডায়িং কারখানার ছয়তলা ভবনের নিচতলায় আগুন লাগে সকাল সাড়ে সাতটার দিকে। নিচতলায় ডায়িং বিভাগ, রাসায়নিক পদার্থ ও সুতার গুদাম। কারখানার একাধিক শ্রমিক জানান, নিচতলার ডায়িং বিভাগ থেকে আগুনের সূত্রপাত হয়। আধা ঘণ্টার মধ্যে আগুন নিচতলা থেকে দোতলায় ছড়িয়ে পড়ে। দোতলায় কারখানার ফিনিশিং, টেকিং ও স্যুয়িং বিভাগ আগুনে পুড়ে যায়। আগুনের তাপ ও ধোঁয়ার কারণে এ সময় কারখানার পশ্চিম পাশের তিনটি কলোনির প্রায় ৫০টি পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। তারা ঘরের মালামাল বের করে নিয়ে ফাঁকা জায়গায় সরে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, আশপাশের লোকজন ও শ্রমিকেরা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। পরে খবর পেয়ে সকাল আটটার দিকে সাভার ও ডিইপিজেড থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এরপর কুর্মিটোলা সদর দপ্তর, মিরপুর ও গাজীপুর থেকে দমকল বাহিনীর ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। কিন্তু প্রচণ্ড বাতাস এবং রাসায়নিক পদার্থ পুড়ে সৃষ্ট অতিরিক্ত ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।আগুনে এবং রাসায়ানিকের বিষাক্ত ধোঁয়ায় দমকলকর্মী মো. আক্তারুজ্জামান, রতন কুমার সরকার, নূরুল ইসলাম ও পায়েল হোসেন এবং কারখানার শ্রমিক বাদশা মিয়া, আতিকুল ইসলাম, সোহেল মিয়া, মো. মোস্তফা, কামাল হোসেন, সাইফুল ইসলাম ও আসলামসহ অন্তত ২০ জন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।কারখানার কন্ট্রোলার আ. সাত্তার জানান, রপ্তানির জন্য প্রস্তুত রাখা সোয়েটার এবং বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ আগুনে পুড়ে গেছে। এতে প্রায় প্রায় ১৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।দমকল বাহিনীর ঢাকা বিভাগের সহকারী পরিচালক আবদুর রশিদ জানান, কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, রাসায়নিক পদার্থের গুদাম থেকে আগুন লেগেছে। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি গুদামের পাশের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। এর কারণ তাত্ক্ষণিক জানা যায়নি।