গাজীপুরে সোয়েটার কারখানায় সংঘর্ষ ভাঙচুর, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কোনাবাড়ী বিসিক শিল্প এলাকায় নাওমি সোয়েটার লিমিটেড কারখানায় মজুরি কম দেওয়ার অভিযোগে গতকাল রোববার বিক্ষোভ ও ভাঙচুর করেছেন শ্রমিকেরা। এ সময় শ্রমিক ও মালিকপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।
শ্রমিক সূত্রে জানা গেছে, মজুরি কম দেওয়ার অভিযোগে কয়েক দিন ধরে নাওমি সোয়েটার কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। গতকাল সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে গেলে কারখানার কর্মকর্তারা কিছু শ্রমিককে ভেতর ঢুকতে দেননি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে কর্মকর্তারা কয়েকজন শ্রমিককে মারধর করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে শ্রমিকেরা কারখানার জানালার কাচ, জেনারেটর, মেশিনসহ বিভিন্ন জিনিস ভাঙচুর করেন। এ সময় দুই পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক মির্জা হায়দার আলী বলেন, কারখানায় প্রায় ৪৫০ জন শ্রমিক। এর মধ্যে ১০-১৫ জন শ্রমিক পিস রেট কম দেওয়া নিয়ে প্রতিবাদ করেন। পরে গতকাল সকালে ওই শ্রমিকদের কারখানার ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তাঁরা ভেতরের সব শ্রমিককে ডেকে নিয়ে কারখানায় ভাঙচুর করেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।