গাজীপুরে স্কুলছাত্রকে হত্যা তিন বন্ধু গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কলমেশ্বর এলাকা থেকে গতকাল শনিবার অপহূত এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাবের ভাষ্যমতে, মুক্তিপণের টাকা না পেয়ে ওই স্কুলছাত্রকে তার বন্ধুরা হত্যা করেছে। অপহরণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহত স্কুলছাত্রের তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে র‌্যাব।নিহত স্কুলছাত্র হলো, কলমেশ্বর এলাকার বাসিন্দা এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মো. সলিমুদ্দিনের ছেলে শাহরিয়ার ফেরদৌস ওরফে অয়ন (১৬)। সে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমীর নবম শ্রেণীর ছাত্র ছিল।র‌্যাব-১ এবং নিহতের পরিবার সূত্রের ভাষ্যমতে, গত ১৩ অক্টোবর বিকেলে স্কুলছাত্র শাহরিয়ার ফেরদৌসের মুঠোফোনে একটি ফোন আসার পর সে বাসা থেকে বের হয়ে যায়। সেদিন সে আর বাসায় ফেরেনি। পরে শাহরিয়ারের মুঠোফোন থেকে তার বাবা-মার কাছে ফোন করে জানানো হয়, তাকে অপহরণ করা হয়েছে। এ সময় অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে শাহরিয়ারকে হত্যা করা হবে বলে হুমকি দেয় অপহরণকারীরা। এ ঘটনায় শাহরিয়ারের বাবা জয়দেবপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে অপহরণের মামলা করেন। একই সঙ্গে এ ব্যাপারে তিনি র‌্যাব-১ কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগ পাওয়ার পর র‌্যাবের সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালান। গতকাল সকালে তাঁরা কলমেশ্বর এলাকার তাজুল আলমের ছেলে আবদুল আল আরমান (২০), একই এলাকার সামছুল আলমের ছেলে তৌফিক আলম ওরফে রাব্বি (১৯) ও আবদুল করিমের ছেলে আজহারুল ইসলাম ওরফে রুবেলকে (১৯) গ্রেপ্তার করেন। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, আবদুল আল আরমানের বসতঘরের শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে বস্তাবন্দী অবস্থায় শাহরিয়ারের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।র‌্যাব-১-এর লে. কমান্ডার কাউসার মাহমুদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানান, কলমেশ্বর এলাকার আরমানের বাসায় বসে আরমান, রাব্বী, রুবেল ও পলাতক সাব্বির অপহরণের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী রাব্বী শাহরিয়ারের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করে তোলেন। এরপর গত ১৩ অক্টোবর শাহরিয়ারকে আরমানের বাসায় ডেকে নিয়ে খাবারের সঙ্গে ঘুমের ট্যাবলেট খাইয়ে সংজ্ঞাহীন করা হয়। এরপর তার হাত-পা বেঁধে স্কচটেপ দিয়ে মুখ বন্ধ করা হয়। পরে অপহরণের টাকা না পেয়ে গত ২২ অক্টোবর শাহরিয়ারের গলায় রশি পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করেন বন্ধুরা। হত্যার দুই দিন পর লাশ বস্তায় ভরে সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়।র‌্যাব সূত্র জানায়, শাহরিয়ার ও অপরহণকারীরা সবাই পরস্পরের বন্ধু। শাহরিয়ার লেখাপড়া করলেও অন্যরা অষ্টম শ্রেণীর পর পড়াশোনা বন্ধ করে দেয়।