গাজীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ শেষে হত্যা!
গাজীপুর সদর উপজেলার একটি ধানখেত থেকে গতকাল সোমবার সকালে পপি আক্তার নামের এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা রোববার রাতে পপিকে ধর্ষণ শেষে হত্যা করে লাশ ধানখেতে অর্ধেক পুঁতে রাখে।পপির (১২) বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মানিককুড়া গ্রামে। সে গাজীপুর সদর উপজেলার কলমেশ্বর এলাকার ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল। পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, পপি বাবা-মা ও ছোট ভাইয়ের সঙ্গে কলমেশ্বর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকত। তার বাবা মো. দুলাল রিকশাচালক ও মা কারখানার শ্রমিক। রোববার সন্ধ্যায় ছোট ভাই রাজুকে নিয়ে দুধ-চিনি কিনতে পাশের দোকানে যাওয়ার পথে দুই নারী পপিকে ডেকে নেন। রাজু রাস্তায় দাঁড়িয়ে বোনের জন্য অপেক্ষা করে। অনেকক্ষণ পর রাজু বাড়িতে গিয়ে মাকে এ ঘটনা জানায়। পরে রাতভর খোঁজাখুঁজি করেও পপির সন্ধান পাওয়া যায়নি। গতকাল সকালে এলাকাবাসী একটি ধানখেতের কাদামাটিতে পপির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ প্রথম আলোকে জানান, পপির শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে দুর্বৃত্তরা ধর্ষণ শেষে হত্যা করেছে। এ ঘটনায় মামলা হয়েছে।