গাজীপুরে স্কুলের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন পণ্ড
গাজীপুরে প্রতিপক্ষের বাধা ও হট্টগোলে হাজী ছমির উদ্দিন উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন পণ্ড হয়ে গেছে। গতকাল শনিবার সকালে গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের হাতিয়াব এলাকার হাজী ছমির উদ্দিন উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ছিল গতকাল। সকালে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির ১০ জন প্রতিনিধির মধ্যে সাতজন উপস্থিত হন। নির্বাচনে আওয়ামী লীগের সমর্থক সিদ্দিকুর রহমান সরকার ও আওয়ামী লীগের নেতা বাছির উদ্দিন সভাপতি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য উপস্থিত হন। তবে সকাল সাড়ে ১০টার দিকে বাছির উদ্দিনের সমর্থকেরা শিক্ষা কার্যালয়ে ঢুকে ব্যাপক হট্টগোল করেন ও উসকানিমূলক স্লোগান দিতে থাকেন। তাঁরা লাঠি নিয়ে প্রতিপক্ষকে মারধরের জন্য তেড়ে যান। এ সময় সেখানে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হট্টগোলকারীদের উপজেলা কমপ্লেক্স এলাকা থেকে বের করে দিলে পরিস্থিতি শান্ত হয়। উদ্ভূত পরিস্থিতিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিরাজুল ইসলাম নির্বাচন স্থগিত ঘোষণা করেন।
সভাপতি প্রার্থী বাছির উদ্দিন বলেন, তাঁর লোকজন কোনো ধরনের হট্টগোল করেননি।
মিরাজুল ইসলাম বলেন, ব্যবস্থাপনা কমিটির উপস্থিত সদস্যদের কার্যবিবরণীতে সই না করা ও হট্টগোলের কারণে নির্বাচন স্থগিত করা হয়।