গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় স্ত্রী হত্যার দায়ে স্বামী হামিদ উল্লাহকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার সকালে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৮ জানুয়ারি রাতে কাপাসিয়া উপজেলার তরগাঁও এলাকায় স্ত্রী হোসনেয়ারা বেগমের সঙ্গে স্বামী হামিদ উল্লাহর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে স্ত্রীকে গলা টিপে হত্যার পর লাশ বাড়ির পাশে জমির আইলের নিচে গর্তে পুঁতে রাখেন হামিদ। ঘটনাটি ফাঁস হলে হামিদের স্বীকারোক্তি অনুযায়ী ওই বছরের ২৭ জানুয়ারি লাশ উদ্ধার করেন স্বজনেরা। পরে এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই জামাল উদ্দিন কাপাসিয়া থানায় মামলা করেন। এরপর হামিদকে গ্রেপ্তার করে পুলিশ।
গাজীপুর আদালতের পুলিশ পরিদর্শক মো. রবিউল ইসলাম বলেন, দীর্ঘ শুনানি শেষে গতকাল সকালে হামিদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন বিচারক। এ ছাড়া ওই ঘটনায় অন্য একটি ধারায় হামিদকে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।