গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে মো. কামাল হোসেন (৪০) নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত কামাল হোসেন গাজীপুরের শ্রীপুর থানার কাওরাইদ গ্রামের ধনু মোড়লের ছেলে।
গাজীপুর আদালতের উপপরিদর্শক (এসআই) মো. মনজুরুল হক বলেন, ২০১১ সালের ৩০ এপ্রিল পারিবারিক কলহের জের ধরে স্বামী কামাল হোসেন তাঁর স্ত্রী শহিদা বেগমকে (৩০) ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহত গৃহবধূর ভাই মো. আবদুল গফুর বাদি হয়ে কামাল হোসেনকে আসামি করে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা করেন। নিহত শহিদা গাজীপুর সিটির খাইলকুর এলাকায় স্বামী ও দুই সন্তান নিয়ে নুরুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন।
মনজুরুল হক বলেন, এই মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ওই বছরের ৩০ জুন আসামি কামাল হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এই রায় দেন।