গাজীপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ
শ্বশুরবাড়িতে গিয়ে দিনদুপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। গাজীপুরের কাপাসিয়া উপজেলার বরজুনা গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূর নাম আফরোজা আক্তার (২৫)। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার বরজুনা গ্রামের আবুল হোসেনের মেয়ে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আফরোজার সঙ্গে গত এক বছর আগে একই কাপাসিয়ার ডুববাড়ি গ্রামের সাইফুল ইসলামের বিয়ে হয়। আফরোজা বিয়ের পর জানতে পারেন, তাঁর স্বামী মাদকাসক্ত। নেশাগ্রস্ত হয়ে প্রায়ই তাঁকে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করতেন সাইফুল। অনেক চেষ্টা করেও তাঁকে স্বাভাবিক জীবনে আনতে পারেননি। একপর্যায়ে অতিষ্ঠ হয়ে আফরোজা তাঁর বাবার বাড়িতে চলে আসেন।
সাইফুল গতকাল সকালে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। দুপুরের দিকে স্ত্রীকে একা পেয়ে সাইফুল একটি ছোরা দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আফরোজার বাবা বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাইফুলকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।
মুন্সিগঞ্জে লাশ উদ্ধার: আমাদের মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, সদর উপজেলার বিনোদপুরে কফিখেত থেকে নিজাম শিকদার (২৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিজামের মাথায় একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে লাশ এখানে ফেলে গেছে বলে পুলিশ ধারণা করছে।
এ ঘটনায় নিজাম শিকদারের স্ত্রী শিল্পী বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, নিজাম শিকদার পেশায় একজন রাজমিস্ত্রি। বুধবার সন্ধ্যায় নিজাম বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। গতকাল সকালে স্থানীয় লোকজন লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। সদর থানার এএসআই আউয়াল জানান, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে।