গাজীপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এ রায় দেন। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মৃত্যুদণ্ড পাওয়া আসামি হলেন গাজীপুর সিটি করপোরেশনের পূর্ব বাহাদুরপুর গ্রামের জাহাঙ্গীর আলম (৩৭)।
মামলার অপর দুই আসামি জাহাঙ্গীরের মা জাহানারা বেগম (৫৫) ও ভাই জাহিদ হাসানকে (২৮) অব্যাহতি দিয়েছেন আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, জাহাঙ্গীর আলমের সঙ্গে ২০০১ সালে গাজীপুরের কাইঞ্জানুল গ্রামের হাছেন আলীর মেয়ে আয়েশা আক্তারের (২৮) বিয়ে হয়। পাঁচ লাখ টাকা যৌতুক চেয়ে ২০১০ সালের ১৫ আগস্ট সকালে স্বামীর বাড়িতে আয়েশা আক্তারকে মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত আয়েশার ভাই মামুন খান বাদী হয়ে জাহাঙ্গীর আলম, জাহানারা বেগম ও জাহিদ হাসানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওই তিনজনের বিরুদ্ধে থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন ২০১১ সালের ১৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেন। রাষ্ট্রপক্ষে সাতজন এবং আসামিপক্ষের চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে গতকাল এই রায় দেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এ বি এম আফফান। আসামিপক্ষে ছিলেন ফজলুল হক।
গাজীপুর আদালত পুলিশের পরিদর্শক রবিউল ইসলাম জানান, রায়ের পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।