গাজীপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি
গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন কফিল উদ্দিন (৩৬) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খলিশাজানি গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্ত্রী মর্জিনা বেগমকে প্রায়ই মারধর করতেন কফিল উদ্দিন। এর ধারাবাহিকতায় ২০১০ সালের ২২ ফেব্রুয়ারি রাতে কফিল মর্জিনাকে শ্বাসরোধে হত্যা করেন। পরে হত্যাকাণ্ডটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন কফিল। ঘটনার দুই দিন পর নিহতের ভাই মেগু মিয়া বাদী হয়ে কফিলসহ চারজনের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে অভিযুক্ত কফিল উদ্দিনের বিরুদ্ধে ওই বছরের ১২ মে অভিযোগপত্র দেন। মামলায় আট ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করা হয়। শুনানি শেষে বিচারক কফিল উদ্দিনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ফজলুল কাদের। আসামিপক্ষে ছিলেন আবদুল খালেক।