গাজীপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকেলে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় দেন।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তি হলেন ময়মনসিংহের পাগলা থানার পাইথল এলাকার মৃত মেহের আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৭)।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম বলেন, জেলার শ্রীপুর উপজেলার কেওয়া পূর্বখণ্ডের ইয়াকুব আলীর মেয়ে জেসমিনের সঙ্গে ২০১২ সালের মার্চে সাইফুল ইসলামের বিয়ে হয়। পরে তাঁরা জয়দেবপুর থানার পুবাইল এলাকার বসুগাঁ গ্রামের একটি বাড়িতে ভাড়ায় ওঠেন। বিয়ের পর পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই দুজনের ঝগড়া হতো। ২০১২ সালের ২৪ জুন রাতের কোনো একসময় সাইফুল স্ত্রীকে গলাটিপে হত্যা করে পালিয়ে যান। পরদিন সকালে মৃত্যুর খবর মুঠোফোনে জেসমিনের মাকে জানান সাইফুল। পরে পুলিশ লাশ উদ্ধার করে। ওই দিনই সাইফুলকে আসামি করে থানায় মামলা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার পুবাইল ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আবদুল করিম সাইফুলকে অভিযুক্ত করে একই বছরের ২৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আদালত আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে গতকাল রায় দেন।
রাষ্ট্রপক্ষে গাজীপুরের এপিপি শরীফ মোহাম্মদ ফজলে রাব্বী ও আসামিপক্ষে আফছানা মিমি মামলা পরিচালনা করেন।