গাজীপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। গতকাল সোমবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় দেন। পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডাদেশ পাওয়া আসামির নাম শরবেশ আলী (৩৬)। তাঁর বাড়ি টাঙ্গাইলের বাগবাড়ি এলাকায়।
আদালত সূত্র জানায়, দুই সন্তান ও স্ত্রী শাহিদা বেগমকে (৩০) নিয়ে কালিয়াকৈরের মৌচাক আমবাগানের পাশের একটি বাড়িতে ভাড়া থাকতেন ভ্যানচালক শরবেশ আলী। শাহিদা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। শরবেশ প্রায়ই স্ত্রীর কাছে টাকা চাইতেন। টাকা না দিলে তাঁদের মধ্যে ঝগড়া হতো। ২০১৪ সালের ২ এপ্রিল রাতে শরবেশ আলী স্ত্রীর কাছে টাকা চান। স্ত্রী টাকা দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে শরবেশ আলী স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত নারীর মামা ফরহাদ হোসেন কালিয়াকৈর থানায় মামলা করেন। পরে পুলিশ শরবেশ আলীকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজহারুল ইসলাম শরবেশ আলীকে অভিযুক্ত করে ওই বছরের ৭ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন।