গাজীপুরে স্বর্ণের দোকানে ডাকাতি ককটেল বিস্ফোরণ, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনে দুপুরে গাজীপুরের টঙ্গী দত্তপাড়া এলাকায় গতকাল শনিবার একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। ককটেল বিস্ফোরণে কমপক্ষে ছয়জন গুরুতর আহত হয়েছে। ডাকাত দল ১২০ ভরি স্বর্ণ ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া সমাজকল্যাণ রোডে চেরাগ আলী মার্কেটের পাশে তৃষ্ণা জুয়েলার্সে গতকাল শনিবার দুপুর সোয়া একটার দিকে ১০-১২ জনের একটি ডাকাত দল হানা দেয়। পরে ডাকাত দলটি স্বর্ণের দোকানে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে সিন্দুক থেকে ১২০ ভরি স্বর্ণ ও নগদ ৫০ হাজার টাকা লুট করে। এ সময়ে দোকানের মালিক আবুল হোসেন বাধা দিলে তাঁকে মারপিট করে গুরুতর আহত করে। পরে ডাকাত দল দোকানের সামনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি নোহা মডেলের গাড়িতে পালিয়ে যায়।ককটেলের বিস্ফোরণে দোকান মালিক ও রিকশাচালকসহ কমপক্ষে ছয়জন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দোকানের মালিক আবুল হোসেন, হেলাল উদ্দিন, আবদুল মজিদ, হাবিবুর রহমান, জাহিদ হোসেন, সামছুল হককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ককটেল বিস্ফোরণ করে ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে টঙ্গী থানার পুলিশ ও র‌্যাব-১ এর সদস্যারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।