গাজীপুরে স্বামী ও সতীনের বিরুদ্ধে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ
গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় শনিবার রাতে স্বামী ও সতীন গৃহবধূ নূরুন নাহারকে (২৫) পুড়িয়ে মেরেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ শনিবার রাতেই নাহারের লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে নাহারের স্বামী মোক্তার হোসেন (২৮) এবং তাঁর প্রথম স্ত্রী রোকসানা বেগম (২৩) গা-ঢাকা দিয়েছেন।এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, কালিয়াকৈরের মৌচাক এলাকার মো. মফিজ উদ্দিনের ছেলে মোক্তার হোসেন প্রায় দুই বছর আগে প্রথম বিয়ের কথা গোপন করে নূরুন নাহারকে বিয়ে করেন। তাঁরা কাশিমপুরের নয়াপাড়া এলাকায় ভাড়া করা বাড়িতে সংসার শুরু করে। বিয়ের কিছুদিন পর প্রথম বিয়ের খবর ফাঁস হয়ে গেলে মোক্তার হোসেন স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন এবং প্রথম স্ত্রী রোকসানাকে একই এলাকায় অন্য একটি ভাড়া বাড়িতে ওঠান। শনিবার রাত ১২টার দিকে প্রথম স্ত্রী রোকসানা বাসায় এসে নাহারকে স্বামী মোক্তারের অসুস্থ হয়ে পড়ার কথা বলে তাঁর বাসায় নিয়ে যান। সেখানে রোকসানা ও মোক্তার প্রথমে নাহারকে মারধর করেন। পরে তাঁর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। মৃত্যু নিশ্চিত করার পর নূরুন নাহারের লাশ মেঝেতে ফেলে রোকসানা ও মোক্তার পালিয়ে যান।