গাজীপুরে স্বামী হত্যায় স্ত্রীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় স্বামী হত্যার দায়ে স্ত্রীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় দেন। এ ছাড়া আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ড পাওয়া নারীর নাম হাবিবা বেগম। তিনি মুন্সিগঞ্জের লৌহজংয়ের বাসিন্দা। নিহত ব্যক্তি হলেন গাজীপুরের কালীগঞ্জ থানার জাকির হোসেন। রায় ঘোষণার সময় হাবিবা আদালতে উপস্থিত ছিলেন।

গাজীপুর আদালতের পুলিশ পরিদর্শক মো. রবিউল ইসলাম দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, সফিপুর এলাকার ভাড়া বাসায় স্ত্রী ও তিন মেয়ে নিয়ে থাকতেন জাকির হোসেন। তিনি স্থানীয় যমুনা স্পিনিং মিলের স্টোর ইনচার্জ হিসেবে কাজ করতেন। ২০১৫ সালের ২৬ মে রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রী হাবিবা তাঁর স্বামী জাকিরকে চেতনানাশক খাইয়ে অচেতন করেন। পরে সকালে বড় মেয়ের সামনে ছুরি দিয়ে গলা কেটে তাঁকে হত্যা করেন। খবর পেয়ে জাকিরের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে হাবিবাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন। এ ব্যাপারে নিহত ব্যক্তির ভাই মোবারক হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় হাবিবাকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ওই বছর ১১ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে অাজ আদালত রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি মো. হারিছ উদ্দিন এবং আসামিপক্ষে ছিলেন জিয়ারত হোসেন।