গাজীপুরে স্বামীকে হত্যার দায়ে ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার জাকির হোসেনকে হত্যার দায়ে স্ত্রীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ দণ্ডাদেশ দেন।

দণ্ডাদেশ পাওয়া নারী হলেন মুন্সিগঞ্জের লৌহজং থানার সামুরবাড়ী এলাকার হাবিবুর রহমানের মেয়ে ও কালীগঞ্জ থানার জাকির হোসেনের স্ত্রী হাবিবা বেগম।

আদালত সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থেকে স্থানীয় যমুনা স্পিনিং মিলে স্টোর ইনচার্জ হিসেবে কাজ করতেন জাকির হোসেন। ২০১৫ সালের ২৬ মে রাতে পারিবারিক কলহের জেরে হাবিবা স্বামী জাকির হোসেনকে নেশাজাতীয় খাবার খাইয়ে অচেতন করেন। পরদিন সকালে গলা কেটে জাকিরকে হত্যা করা হয়। খবর পেয়ে জাকিরের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে হাবিবাকে আটক করে জেরা করলে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন। এ ঘটনায় জাকিরের ভাই মোবারক হোসেন কালিয়াকৈর থানায় হাবিবাকে আসামি করে মামলা করেন। আসামির স্বীকারোক্তি অনুযায়ী
তদন্ত শেষে একই বছরের ১১ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে গতকাল আদালত এ রায় দেন।