গাজীপুরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কলমেশ্বর এলাকায় গতকাল বুধবার সকালে স্বামীর লাঠির আঘাতে গৃহবধূ মায়া আক্তার (২৫) খুন হয়েছেন। ঘটনার পর থেকে স্বামী কাজী রেজাউল হোসেন পলাতক রয়েছেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার কলমেশ্বর এলাকায় গতকাল বুধবার সকালে স্বামীর লাঠির আঘাতে স্ত্রী মায়া আক্তার খুন হন। আট-নয় বছর আগে শরীয়তপুরের পালং থানার মীরাডাঙ্গা গ্রামের আবু বেপারীর মেয়ে মায়া আক্তারের সঙ্গে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আশানুর গ্রামের কাজী ইদ্রিস আলীর ছেলে কাজী রেজাউল হোসেনের বিয়ে হয়। স্থানীয় কলমেশ্বর এলাকার হাজী মজনু আকন্দের বাড়িতে স্বামীর সঙ্গেই ভাড়া বাসায় থাকতেন মায়া। মায়া স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।মায়া গতকাল বুধবার সকাল সাড়ে সাতটার দিকে কারখানায় কাজে যাচ্ছিলেন। যাওয়ার পথে সদর উপজেলার কলমেশ্বরের হাজী আহমঞ্চদ আলী সড়ক এলাকায় পৌঁছালে আগে থেকেই সেখানে ওত পেতে থাকা রেজাউল হোসেন বাঁশের লাঠি দিয়ে মায়ার মাথায় এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান। এতে মায়ার মাথা ফেটে মাটিতে লুটিয়ে পড়েন। এতে অতিরিক্ত রক্ষক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওই ঘটনায় মায়ার ছোট ভাই কামরুল হাসান বেপারী বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। জয়দেবপুর থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।