গাজীপুরে সড়ক ও ট্রেন দুর্ঘটনায় তিনজনের মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে গতকাল রোববার রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। একই দিন কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হন। গত শনিবার রাতে সদর উপজেলার রাজেন্দ্রপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হন।রেলওয়ে পুলিশের (জিআরপি) টঙ্গী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, গতকাল সকাল আটটার দিকে টঙ্গী রেলওয়ে জংশন এলাকার রেললাইন ধরে হাঁটার সময় ঢাকাগামী আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাঝবয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়। তাঁর পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল নয়টার দিকে কালিয়াকৈরের গোয়ালবাথান রেল ওভারব্রিজ-সংলগ্ন রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। তাঁর পরিচয় জানা যায়নি। জিআরপি টঙ্গী ফাঁড়ির এসআই আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ডের কাছে ঢাকাগামী সৌখিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী জহিরুল ইসলাম (২৪) নিহত হন। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলপুরে। এ দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়।মহাসড়ক পুলিশের নাওজোড় ফাঁড়ির এএসআই আক্তার হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাকসহ পালিয়ে গেছেন। বাসটি আটক করা হয়েছে।