গাজীপুরে সড়ক ও রেলে নিহত ৫
গাজীপুরে পৃথক তিনটি দুর্ঘটনায় পাঁচজন মারা গেছে। গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে তিনজন নিহত হয়। শ্রীপুর রেলস্টেশনের সিগন্যাল ঘরের কাছে ট্রেনে কাটা পড়ে একজন ও গতকাল বুধবার রাত ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় গাড়িচাপায় একজন নিহত হয়।
গাজীপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক জানান, হোতাপাড়া এলাকায় একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি মাইক্রোবাস দ্রুত বেগে ট্রাকের পেছনে ধাক্কা খায়। এতে মাইক্রোবাসের চালক ও দুই যাত্রী গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সাবরিনা আক্তার জানান, বেলা সোয়া ১১টার দিকে তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় গাড়িচাপায় জিয়ারুল (৩৮) নামের একজন মারা যান। গতকাল রাত ১০টার দিকে ওই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়ারুল নীলফামারীর ডিমলা থানার দক্ষিণ বালাপাড়া এলাকার মৃত আবদুল গফুরের ছেলে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর অহিদুজ্জামান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি জিয়ারুলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
পৃথক আরেক ঘটনায় গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে প্ল্যাটফর্মের কাছে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয়ে এক যুবক (৩০) নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর রেলওয়ে স্টেশনমাস্টার মো. হারুন অর রশিদ জানান, শ্রীপুর রেলস্টেশনে সকাল সাড়ে সাতটার দিকে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক ঘটনাস্থলেই মারা যান। তাঁর পরিচয় জানা যায়নি। তাঁর পরনে লাল শার্ট ও বাদামি রঙের প্যান্ট রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) এস এম রকিবুল হক জানান, খবর পেয়ে লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।