গাজীপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
গাজীপুরে প্রাইভেট কার ও ট্রাকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। গতকাল বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের তেঁতুইবাড়ী এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাজার রোড এলাকার বাসিন্দা ও ঘাটাইল ব্যবসায়ী সমিতির সাবেক সহসভাপতি হায়দার আলী খান (৪৫), তাঁর স্ত্রী এলিস খান (৩৫), তাঁদের শিশুপুত্র সৌমিক খান সাকিব (৮) এবং হায়দার আলীর প্রাইভেট কারের চালক জীবন হোসেন (২৫)। জীবন ঘাটাইলের বানিয়াপাড়া এলাকার বাসিন্দা আবদুস সামাদের ছেলে।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও নিহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে, ঢাকায় এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে হায়দার আলী ব্যক্তিগত গাড়িতে করে ঘাটাইল থেকে রওনা হন। ভোর সাড়ে পাঁচটার দিকে তেঁতুইবাড়ী এলাকায় আসার পর চন্দ্রাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে দুমড়ে-মুচড়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। একই সময় নবীনগরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটির সঙ্গেও দুর্ঘটনাকবলিত ট্রাকটির ধাক্কা লাগে। এতে বাসটি উল্টে খাদে পড়ে যায়।ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক জীবন ও অপর তিনজনের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ১৫ বাসযাত্রী। খবর পেয়ে জয়দেবপুর থানাধীন চক্রবর্তী ফাঁড়ির পুলিশ লাশগুলো উদ্ধার করে। পুলিশ ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে গেছেন। আহত যাত্রীদের আশপাশের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেছেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামানও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত হায়দার আলীর ঘাটাইলে বসবাসরত ছোট ভাই মোশাররফ জানিয়েছেন, হায়দার ও এলিসের দুই ছেলে। বড় ছেলে আকাশ খান উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। সে বাবা-মায়ের সঙ্গে না যাওয়ায় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। অপর দুর্ঘটনায় নিহত ২: গতকাল ভোর পাঁচটার দিকে ঢাকা বাইপাস সড়কের গাজীপুর সদরের কলেরবাজার এলাকায় গমবোঝাই একটি ট্রাক বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় কাঁঠালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিকল ট্রাককে ধাক্কা দেয়। এতে কাঁঠালবাহী ট্রাকের ওপর বসে থাকা দুই ব্যক্তি ছিটকে সড়কে পড়ে যায়। এতে তাঁদের মাথায় প্রচণ্ড আঘাত লাগে। এ ছাড়া ট্রাকের কাঁঠাল তাঁদের গায়ের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তাঁরা হলেন: গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার গ্রামের বাসিন্দা জুয়েল (৩০) ও একই উপজেলার ডোমবাড়ি চালা গ্রামের বাসিন্দা আবদুল মান্নান (৬৫)। তাঁরা দুজনই মৌসুমি ফল ব্যবসায়ী। জয়দেবপুর থানার ওসি জানান, এ ঘটনায় মামলা হয়েছে।