গাজীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ও গোড়াই মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনা হয়েছে। এতে একজন নিহত ও ২০ জন আহত হন। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গোড়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, গতকাল সোমবার রাত একটার দিকে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় চলন্ত বাসের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়। বাসটি উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ছিল। ওই যুবকের লাশ গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
অপরদিকে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল বলেন, আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাথান এলাকায় যাত্রীবাহী একটি লেগুনা খাদে পড়ে গেলে ২০ জন আহত হন। আহত ব্যক্তিরা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।