গাজীপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ নিহত ২
গাজীপুরে গতকাল রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ দুজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের নাগরপুরের নিশ্চিন্তপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে কলেজছাত্র শফিক আহমেদ (২৫) ও বগুড়ার শিবগঞ্জের পাটুরিয়া গ্রামের দিনবন্ধু দাসের ছেলে কারখানার শ্রমিক সুমন দাস (৩৫)। তাঁরা দুজন লেগুনার যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্কাইলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস গতকাল বিকেলে ঢাকা থেকে কালিয়াকৈরের চন্দ্রা যাচ্ছিল। পথে বেলা তিনটার দিকে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় লেগুনার সাত-আটজন যাত্রী গুরুতর আহত হন। আহত যাত্রীদের উদ্ধার করে কোনাবাড়ী শরীফ ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্র শফিক ও মৌচাক এলাকার এমএসএ স্পিনিং কারখানার শ্রমিক সুমন মারা যান। কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল জানান, বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। এদিকে চন্দ্রা এলাকা থেকে একটি বাস গতকাল সকাল সাড়ে সাতটার দিকে শ্রমিক নিয়ে গোড়াই যাচ্ছিল। পথে কালিয়াকৈর বাইপাস সড়কের সেতুর কাছে পৌঁছালে অপর একটি বাসকে পাশ কাটাতে গিয়ে উল্টে যায়। এতে ওই বাসের কমপক্ষে ২৫ জন শ্রমিক গুরুতর আহত হন। পরে পুলিশ ও এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় কয়েকটি ক্লিনিকে ভর্তি করে। এ ছাড়া আহত কয়েকজনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।