গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় সোহাগ হোসেন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন চালকের সহযোগী আপেল মিয়া (২৫)। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত সোহাগ পিকআপচালক ছিলেন। তাঁর বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ আবদার গ্রামে। বাবার নাম আবুল কাশেম।
নিহত সোহাগের ভাই ফারুক হোসেন জানান, সোহাগ পিকআপ চালাতেন। গতকাল সোমবার রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে পিকআপে করে মুরগি নিয়ে ঢাকার ইকুরিয়া ক্যান্টনমেন্ট এলাকায় আসেন। ঢাকা থেকে ফেরার পথে বানিয়ারচালা এলাকায় চট্টগ্রাম ট্রান্সপোর্ট এজেন্সির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই সোহাগ মারা যান।
ওসি দেলোয়ার হুসেন জানান, লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনার পর কাভার্ড ভ্যানটির চালক পালিয়ে গেছেন।
প্রথম আলোর হিসাব অনুযায়ী, আজ একজনসহ ৬৩৫ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা ৫ হাজার ৫৮৪–তে দাঁড়িয়েছে।