গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় হোমিও চিকিৎসক ও ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন৷ গত বুধ ও গতকাল বৃহস্পতিবার এসব ঘটনা ঘটে৷ এদিকে গতকাল সড়ক দুর্ঘটনায় এক পোশাকশ্রমিক আহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক তেলিরচালা এলাকায় পূর্বাণী গ্রুপের জিহান টেক্সটাইল কারখানার শ্রমিক হোসেন মিয়া (৩৮) খাবার খেতে বাড়ি যাচ্ছিলেন। পথে একটি যাত্রীবাহী লেগুনার চাপায় তিনি গুরুতর আহত হন৷ এ সময় তাঁকে কোনাবাড়ীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়। এ খবর শুনে কারখানার শত শত শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন৷ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরাও তাঁদের সঙ্গে যোগ দেন। এ সময় তাঁরা ইটপাটকেল ছুড়ে ২০-২২টি যানবাহন ভাঙচুর করেন। এতে কমপক্ষে ১০ জন পথচারী আহত হন। পরে পুলিশ ঘটনাস্থালে এসে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। আহত পথচারীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে৷
একই দিন ভোরে কালিয়াকৈরের হিজলতলী এলাকায় ঢাকাগামী একটি আলুভর্তি ট্রাকের চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷ একপর্যায়ে ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা খায়৷ এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকের চালকের সহকারী মো. মজিবুর রহমান (২৬) নিহত হন৷
এর আগে বুধবার রাত আটটার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার দক্ষিণে ভাওয়াল পয়েন্ট মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় ওয়াজেদ আলী (৬৫) নামের এক হোমিও চিকিৎসক নিহত হন। তিনি স্থানীয় আমেরিকান হোমিও কমপ্লেক্সের চিকিৎসক ছিলেন৷ ঘটনার পর এলাকাবাসী ট্রাকের চালক মো. হানিফ মিয়া (৪৫) ও তাঁর সহকারী সাইফুল ইসলামকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করেন৷