গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের সদর ও কালিয়াকৈর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাহার আলম প্রথম আলোকে বলেন, সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। গতকাল বুধবার রাত একটার দিকে পেছন থেকে ওই ট্রাকটিকে ধাক্কা দিলে ঢাকাগামী মুরগি বোঝাই একটি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক ও তাঁর সহকারী ঘটনাস্থলেই নিহত হন। ট্রাক দুইটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে, কোনাবাড়ী হাইওয়ে থানার পরিদর্শক আবু দাউদ বলেন, কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে লেগুনা ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে লেগুনার এক যাত্রী নিহত হন।

তিনটি লাশই গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে এঁদের কারও পরিচয় পাওয়া যায়নি।