গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ নিহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে উপজেলার সূত্রাপুর বোর্ডঘর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম মো. তৈয়বুর রহমান। তিনি সিলেটের কোতোয়ালি থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায়।
গোড়াই মহাসড়ক পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল মোতালিব মিয়া বলেন, তৈয়বুর মোটরসাইকেলে করে ঢাকা থেকে টাঙ্গাইল আসছিলেন। সূত্রাপুর বোর্ডঘর এলাকায় বিপরীতগামী একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। তাঁকে উদ্ধার করে টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহত তৈয়বুরের লাশ রাতেই তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।