গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোশাক কারখানার দুই কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের তেতুইবাড়ি এলাকায় কালিয়াকৈর-নবীনগর মহাসড়কে গতকাল বুধবার ভোরে গাড়ির চাপায় পোশাক কারখানার দুই কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। নিহত শ্রমিকেরা হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কাটপাড়া গ্রামের সামছুল আলম (৪৫) ও বগুড়ার ধুনট উপজেলার সাতটিকরি গ্রামের আবদুল আলীম (৩০)। হতাহত ব্যক্তিরা সবাই তেতুইবাড়ি এলাকার কেএসি ফ্যাশন লিমিটেড কারখানার কর্মী। পুলিশ সূত্রে জানা গেছে, ভোর পাঁচটার দিকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন সামছুল ও আলীমসহ কারখানার অন্য শ্রমিকেরা। তাঁরা কালিয়াকৈর-নবীনগর সড়কের লিবরা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কারখানার সামনে পৌঁছালে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের ওপর উঠিয়ে দেয়। এতে গাড়ির চাপায় ঘটনাস্থলেই নিহত হন সামছুল ও আলীম। এ সময় গুরুতর আহত চারজনকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। চক্রবর্তী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবির কারণে লাশ ময়নাতদন্ত ছাড়াই তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।