গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
গাজীপুর সদর উপজেলার ভোগড়া এলাকায় গতকাল বুধবার বাসচাপায় রেজুয়ান হক (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে। এতে ওই সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। নিহত রেজুয়ান রংপুর মিঠাপুরের হরিপুর এলাকার বাসিন্দা ললু মিয়ার ছেলে। সে ভোগড়া তিতুমীর প্রি-ক্যাডেট অ্যান্ড স্কুলের প্রথম শ্রেণীতে পড়ত। তার বাবা গাজীপুরের ভোগড়া এলাকায় সিদ্দিকের বাড়িতে ভাড়া থাকেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, রেজুয়ান গতকাল বেলা দুইটার দিকে বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার উদ্দেশে ঢাকা বাইপাস সড়ক পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাবাসী বাসটি আটক করে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে তারা সেটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে গাজীপুর দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বিক্ষুব্ধ এলাকাবাসী দুই ঘণ্টা সড়কটি অবরোধ করে রাখে। পরে পুলিশ তাদের শান্ত করার পর বিকেল চারটার দিকে যান চলাচল শুরু হয়।