গাজীপুরে সড়ক সকালে ফাঁকা, দুপুরে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক গত কয়েক দিন যানজট মুক্ত ছিল। গতকাল রোববার সকালে সড়কগুলো ছিল ফাঁকা। কিন্তু দুপুরের পর শুরু হয় যানজট। এ সময় গাজীপুরের বিভিন্ন স্থানে এক হাজারের বেশি পুলিশ সদস্য যানজট নিরসনে কাজ করায় পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়। কিন্তু সন্ধ্যার পর তাদের যানজট নিরসনে হিমশিম খেতে হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে একটি অংশের যানবাহন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় হয়ে চলাচল করে। ২৪ জুলাই থেকে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষ যাতায়াত শুরু করে। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেলেও কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। গতকাল সকাল থেকে বেলা দেড়টা পর্যন্ত একই রকম চিত্র দেখা গেছে। কোথাও কোনো যানজটের খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, গাজীপুর সদর, টঙ্গী, কালিয়াকৈরসহ আশপাশের কয়েক শ পোশাক কারখানা গতকাল সকালে ছুটি ঘোষণা করা হয়। একসঙ্গে সব কারখানা ছুটি এবং সরকারি ছুটি শুরু হওয়ায় সব মানুষ একসঙ্গে বাড়ির উদ্দেশে রওনা দেন। এ কারণে বেলা দেড়টার পর থেকে মহাসড়ক দুটিতে যানবাহনের চাপ বৃদ্ধি পেতে থাকে। সন্ধ্যা ছয়টার পর থেকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় প্রায় ৫ থেকে ৭ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কোনাবাড়ি হাইওয়ে পুলিশের পরিদর্শক আলমগীর সিদ্দিক জানান, কোনাবাড়ি এলাকায় দুই পাশে পানি জমে থাকায় থেমে থেমে কিছুটা যানজট সৃষ্টি হচ্ছে। সন্ধ্যার পর থেকে চন্দ্রা এলাকায় যানবাহনের চাপ বেড়ে যায়। এর কারণে তিন দিকেই কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
অপর দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েকটি কারণে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কটির শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় সড়কের ওপর দাঁড়িয়ে বাসগুলোতে যাত্রী উঠানো, এই স্থান কর্দমাক্ত হওয়ায় এবং মহাসড়কের পাশে ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ীরা দোকান দেওয়ায় যানজট দেখা দিচ্ছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর, মাওনা চৌরাস্তা, চান্দনা-চৌরাস্তা ও জৈনা বাজার এলাকা ঘুরে দেখা গেছে, ঈদ উপলক্ষে সড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। মহাসড়কের ওপর দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। এতে সৃষ্টি হচ্ছে যানজটের। আর এ যানজট বেশিক্ষণ স্থায়ী থাকছে না।
ময়মনসিংহের হালুয়াঘাট সড়কের বাসচালক রফিকুল জানান, লোকাল কিছু বাস যা সারা বছর এলাকার ভেতর চলাচল করে। কিন্তু এরাই ঈদের আগে বেশি আয়ের আশায় মহাসড়কে এসে যত্রতত্র গাড়ি পার্কিং করে যাত্রী ওঠানামা করায় যানজট বেশি হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন জানান, দিনে মহাসড়কে একেবারেই যানজট ছিল না। তবে বিকেলের পর থেকে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় সন্ধ্যার পর যানজট সৃষ্টি হয়।