গাজীপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে হত্যা মামলায় তিন ভাইসহ চারজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় দেন।

দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের তিন ভাই মো. মাসুদ, মো. সানাউল্লাহ, নূরে আলম ওরফে ময়না ও তাঁদের ভগ্নিপতি বরিশালের কোতোয়ালি থানার আনোয়ার শিকদার। রায় ঘোষণার সময় নূরে আলম উপস্থিত ছিলেন। অন্য তিন আসামি পলাতক।

গাজীপুর আদালতের আইনজীবী মো. হাফিজ উল্লা দরজি বলেন, পূর্বশত্রুতার জের ধরে ২০০৪ সালের ১৫ এপ্রিল কালীগঞ্জের রামচন্দ্রপুর এলাকার শামসুল হক দরজিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান মো. মাসুদ ও সানাউল্লাহ। পরে বাড়ির পাশে নিয়ে শামসুল হককে বেধড়ক লাঠিপেটা করা হয়। এ সময় নূরে আলম ও আনোয়ার শিকদারও শামসুলকে মারপিট করেন। একপর্যায়ে ছুরি দিয়ে শামসুলের বুকে আঘাত করা হয়। চিৎকার শুনে শামসুলের স্ত্রী হাফেজা বেগম ছুটে যান। তখন রক্তাক্ত অবস্থায় শামসুলকে ফেলে রেখে পালিয়ে যান হামলাকারীরা। পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামসুলকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন শামসুলের স্ত্রী হাফেজা বেগম ওই চারজনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক একই বছরের ১০ অক্টোবর চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন মো. হাফিজ উল্লা দরজি। আসামি পক্ষে ছিলেন মো. সুলতান উদ্দিন।