গাজীপুরে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে গতকাল শনিবার এক ব্যক্তিকে গুলি করে হত্যার চেষ্টা করে পালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ করেছে জনতা। তাঁর কাছ থেকে দুটি গুলি ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।সন্ত্রাসীদের গুলিতে আহত মো. শাহজাহান মিয়া (২৫) স্থানীয় গোমতি টেক্সটাইল মিলের সুপারভাইজার। তাঁর বাড়ি গাইবান্ধার সাঘাটা থানার গোবিন্দপুর গ্রামে।গ্রেপ্তারকৃত আরিফ হোসেনের (২৬) বাড়ি বগুড়ার আদমদীঘি থানার শান্তাহার রেলস্টেশন এলাকায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে সন্ত্রাসী আরিফ হোসেন (২৬) তাঁর দুই সঙ্গী আমিনুল ইসলাম ও মো. আরজু মিয়াকে নিয়ে সফিপুর বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থান নেন। সকাল সাড়ে সাতটার দিকে শাহজাহানকে আসতে দেখে সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলি চালায়। গুলি কিছুটা লক্ষ্যভ্রষ্ট হয়ে শাহজাহানের ডান হাতের ওপরের দিকে লাগে। এতে তিনি সামান্য আহত হন। এ সময় দৌড়ে পালানোর সময় জনতা একটি চাকু, দুটি পিস্তলের গুলিসহ আরিফকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ সময় তাঁর সহযোগীরা পিস্তলসহ পালিয়ে যেতে সক্ষম হয়।শাহজাহানকে সফিপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনি কালিয়াকৈর থানায় মামলা করেছেন।পুলিশের জিজ্ঞাসাবাদে আরিফ জানায়, জাহিদ নামের এক ব্যক্তির সঙ্গে শাহজাহানের শত্রুতা আছে। তারই জের ধরে শাহজাহানকে খুনের জন্য জাহিদ নিয়োগ করেন। এ জন্য জাহিদ তাঁকে ২০ হাজার টাকা দেবেন বলে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী তাঁরা শাহজাহানকে খুন করতে যান।কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।