গাজীপুরে এক নারীকে হত্যার দায়ে একই পরিবারের তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া কাঠ ব্যবসায়ীকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন ও স্বামীকে হত্যার দায়ে আরেক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার জেলার তিনটি পৃথক আদালত এসব রায় দেন।
দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এক নারীকে হত্যার দায়ে তিনজনের ফাঁসির আদেশ দেন। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভবনাথপুর গ্রামের সিদ্দিক ভান্ডারী, তাঁর স্ত্রী আয়েশা খাতুন ও ছেলে তারেক ওরফে মুরাদ হোসেন। তাঁরা গাজীপুর সিটি করপোরেশন এলাকার দক্ষিণ খাইলকুর এলাকায় ভাড়া থাকতেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১৪ মে বিকেলে দক্ষিণ খাইলকুর এলাকার মো. জমির হোসেন পাইকের স্ত্রী মোছা. সাফিয়া বেগম (৬৫) বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন ভোরে বাড়ির কাছে তাঁর লাশ পাওয়া যায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল। এ ঘটনায় নিহতের স্বামী জাকির হোসেন জয়দেবপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। পরে মামলাটি পুলিশ তদন্ত করে হত্যাকাণ্ডের সঙ্গে ওই তিনজনের জড়িত থাকার প্রমাণ পায়। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) সুজায়েত হোসেন আদালতে অভিযোগপত্র দেন।
কাঠ ব্যবসায়ীকে হত্যা মামলায় গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ইকবাল হোসেন তিনজনকে যাবজ্জীবন সাজা দেন। সাজা পাওয়া ব্যক্তিরা হলেন কাপাসিয়া উপজেলার জালিশা গ্রামের লোকমান হোসেন শাহীন ওরফে বাঘা লোকমান (৩৮), একই গ্রামের মো. মোস্তফা (৩২) ও কালিগঞ্জ থানার চর শৈলাদী গ্রামের মো. মুনসুর (২৮)।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১৪ জুন কাপাসিয়া উপজেলার জালিশা গ্রামের কাঠ ব্যবসায়ী রিয়াজ উদ্দিন পলানকে (৩০) শ্বাসরোধে হত্যা করে লাশ বাড়ির পাশের পুকুরে ফেলে রাখা হয়। পরদিন সকালে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী হেলেনা বেগম লোকমান হোসেনসহ অজ্ঞাতনামা ছয়-সাতজনকে আসামি করে কাপাসিয়া থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আবুল কাশেম ২০০৮ সালের ৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেন।
এদিকে স্বামীকে হত্যার দায়ে নাহিদা আকন্দ রীপাকে যাবজ্জীবন সাজা দিয়েছেন গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক। নাহিদা কাপাসিয়ার ঘাগটিয়া এলাকার সোহরাব হোসেনের স্ত্রী।
গাজীপুর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হারিছ উদ্দিন আহমদ বলেন, সোহরাব-নাহিদা দম্পতি গাজীপুর সিটি করপোরেশনের তেলীপাড়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। গত বছরের ৪ জানুয়ারি রাতে টিভিতে অনুষ্ঠান দেখছিলেন নাহিদা। একপর্যায়ে ঘরে ঢুকে নাহিদাকে টিভি দেখতে না করেন সোহরাব। এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে নাহিদা সোহরাবকে ছুরিকাঘাত করেন। পরে স্বজনেরা গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সোহরাবকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা শাহজাহান জয়দেবপুর থানায় মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এ আর এম আল মামুন নাহিদার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।