গাজীপুরে হত্যার দায়ে দুই বন্ধুর ফাঁসি
গাজীপুরে বন্ধুকে হত্যার মামলায় দুই তরুণকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক ওই রায় দেন। একই সঙ্গে তাঁদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত তরুণেরা হলেন কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর এলাকার রিয়াজ উদ্দিন ওরফে পারভেজ (২৩) ও একই এলাকার আমজাদ হোসেনের ছেলে অমিত হাসান (২১)।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ২৬ সেপ্টেম্বর ছোট লতিফপুর এলাকার নূরুল ইসলাম নবীর ছেলে মাছুদ রানা (২০) বাড়িতে একা ছিলেন। রাত আড়াইটার দিকে তাস খেলাকে কেন্দ্র করে মাছুদকে তাঁর দুই বন্ধু পারভেজ ও অমিত হাসান কাঁচি দিয়ে উপর্যুপরি আঘাত করে জখম করেন। বাড়ির আশপাশের লোকজন মাছুদের চিৎকারে এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। এ সময় এলাকাবাসীর সহায়তায় পুলিশ পারভেজ ও অমিত হাসানকে আটক করে।
এ ঘটনায় নুরুল ইসলাম নবী বাদী হয়ে পারভেজ ও অমিত হাসানকে আসামি করে কালিয়াকৈর থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম ওই বছরের ৩০ নভেম্বর দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।