গাজীপুরে হত্যার দায়ে দুজনের ফাঁসি, দুজনের যাবজ্জীবন
গাজীপুরের শ্রীপুরে এক নারী পোশাক শ্রমিককে হত্যার দায়ে দুজনের ফাঁসি ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় দেন। রায়ে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানার আদেশও দেওয়া হয়।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকার মো. কালাম ও ইকবাল হোসেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন একই এলাকার মো. আবদুল লতিফ ও মো. মোখলেছ।
মামলার বিবরণে জানা গেছে, রাজশাহীর চারঘাটের মারিয়া গ্রামের মকবুল হোসেনের মেয়ে রূপালী খাতুন গাজীপুরের শ্রীপুরে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।
২০১৪ সালের ১৫ আগস্ট বিয়ের প্রলোভন দেখিয়ে আসামিরা রূপালীকে জিম্মি করে তাঁর বাবার কাছে ২০ হাজার টাকা দাবি
করেন। কিন্তু টাকা না পেয়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরদিন সকালে শ্রীপুর থানা-পুলিশ রূপালীর লাশ উদ্ধার ও হত্যা মামলা দায়ের করে।