গাজীপুরে হত্যার দায়ে নারীর ফাঁসির আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে হত্যার দায়ে সৎমাকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ দণ্ডাদেশ দেন। পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডাদেশ পাওয়া নারীর নাম শাকিলা জাহান মরিয়ম (খুকি)। তিনি বরিশালের বাকেরগঞ্জ থানার শ্যামপুর গ্রামের আক্কাস আলী হাওলাদারের মেয়ে।
আদালত সূত্রে জানা গেছে, ঢাকার কেরানীগঞ্জের অগ্রখোলা মোল্লাবাড়ি গ্রামের মো. শফিউল আলম ওরফে সাগর ১৮ বছর আগে গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকার নুরুল ইসলামের মেয়ে ফারজানা ইসলাম স্বপ্নাকে বিয়ে করেন। এ দম্পতির সাদিয়া আলম জয়া (১৪) ও এহসানুল ইসলাম মাহিন (৮) নামের দুই সন্তান রয়েছে। শফিউল দম্পতি টঙ্গীর আউচপাড়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।
সাত বছর আগে ফারজানাকে তালাক দেন শফিউল। দুই বছর আগে শাকিলা জাহান মরিয়মকে (৩০) বিয়ে করে ওই বাড়িতেই বসবাস করতে থাকেন শফিউল। সাদিয়া আলম লেখাপড়ার সুবিধার্থে বাবা ও সৎমার কাছে থাকত। বিষয়টি ভালোভাবে নেননি শাকিলা। গত বছরের ১১ জুন সাদিয়াকে হত্যার চেষ্টা করেন শাকিলা। একই বছরের ১৩ জুন সাদিয়াকে কুপিয়ে হত্যা করেন শাকিলা।
এ ঘটনায় শাকিলাকে আসামি করে টঙ্গী থানায় মামলা করেন নিহতের মা ফারজানা ইসলাম। পরে পুলিশ শাকিলাকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবুল খায়ের চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। মামলায় শাকিলা দোষী সাব্যস্ত হওয়ায় গতকাল গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাঁকে ওই দণ্ডাদেশ দেন।