গাজীপুরে হরতাল-সমর্থকদের পোশাক কারখানা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীসহ বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার হরতাল-সমর্থকেরা বেশ কয়েকটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুর চালিয়েছেন। মারধর করে বের করে দিয়েছেন কাজে যোগ দেওয়া অনেক পোশাককর্মীকে। এ সময় অর্ধশতাধিক পোশাককর্মী আহত হন। হামলার জের ধরে কর্তৃপক্ষ অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও অন্যান্য সূত্র জানায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ডাকা হরতালে গতকাল জেলার বিভিন্ন সড়কে সকাল থেকে মিছিল ও পথসভা করেছেন হরতাল-সমর্থকেরা। গাজীপুরা, বড়বাড়ি, চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজার, ভোগড়া, মালেকের বাড়িসহ বিভিন্ন এলাকায় মিছিল বের হয়। মিছিলকারীরা পথে পথে তাঁদের সঙ্গে যোগ দেওয়ার জন্য সড়কের পাশের কারখানাগুলোর পোশাককর্মীদের আহ্বান জানান। যেসব কারখানার কর্মীরা এতে সাড়া দেননি, মিছিলকারীরা সেসব কারখানায় ইটপাটকেল ছোড়েন। হরতাল-সমর্থকেরা মালেকের বাড়ি এলাকার ইন্ট্রামেক্স সোয়েটার, বড়বাড়ি এলাকার রূপা গার্মেন্টস, ইউনিক ফ্যাশন, ভোগড়া এলাকার ইন্টারলিংক অ্যাপারেলস, ক্রাউন ফ্যাশন, ভিয়েলাটেক্সসহ বেশ কয়েকটি কারখানার প্রবেশদ্বার ও জানালার কাচ ভাঙচুর করেন। টঙ্গীর গাজীপুরা এলাকাতেই প্রায় ১০-১২টি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় আহত হন প্রায় অর্ধশত পোশাককর্মী। আহত কর্মীদের মধ্যে আছেন: তাসলিমা, মিজান, ইয়াসমিন, শারমিন, প্রিয়া, শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, তরিকুল ইসলাম, আতিকুর রহমান প্রমুখ। আহত ব্যক্তিদের স্থানীয় ক্লিনিকগুলোতে চিকিৎসা দেওয়া হয়েছে। এ এলাকায় সকাল সাড়ে নয়টার দিকে হরতাল-সমর্থক ২৫-৩০ জনের একটি দল লাঠিসোঁটা ও রড হাতে মিছিল করে। দলটি বিভিন্ন কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরুর একপর্যায়ে ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। হরতাল-সমর্থকেরা শ্রমিকদের মারধর করে বের করে দেন। হামলা-ভাঙচুরের খবরে শিল্প পুলিশ ঘটনাস্থলগুলোতে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুরো জেলায় অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ভোগড়া এলাকার সিডনি ফ্যাশনের ওয়াশিং বিভাগের সাইদুর রহমান বলেন, ‘আমরা কাজ চাই, হরতাল চাই না। কিন্তু সকালে কাজে যোগ দেওয়ার পর কারখানার এজিএম ইউসুফ আলী মোল্লা ও ফ্লোর ইনচার্জ আকরাম হোসেন জানান, হরতালের কারণে আজ কোনো কাজ হবে না।’ সদর উপজেলার নাওজোড় এলাকার দিগন্ত সোয়েটার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন বলেন, ‘আশপাশের কারখানায় ছুটি দেওয়ায় ও বেশ কিছু কারখানায় ভাঙচুর হওয়ার খবরে এই কারখানাতেও ছুটি ঘোষণা করা হয়।’ জেলা শিল্প পুলিশের উপপরিচালক মোশাররফ হোসেন বলেন, হরতাল-সমর্থকেরা দাবি আদায়ের কথা বলে পোশাকশ্রমিকদের রাস্তায় নামানোর চেষ্টা চালান। যেসব কারখানার শ্রমিকেরা তাঁদের সঙ্গে যোগ দেননি ওই সব কারখানায় ভাঙচুর চালানো হয়।