গাজীপুরে হাতকড়া পরা আসামির চম্পট
গাজীপুরে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানির স্থানীয় কার্যালয় থেকে ১০ লাখ টাকা লুট করে পালানোর সময় আটক তিন ডাকাতের একজন গত মঙ্গলবার রাতে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছেন। গতকাল বুধবার রাত পর্যন্ত সাঁড়াশি অভিযান চালিয়েও তাঁকে আটক করা যায়নি। এ ঘটনায় তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।পুলিশ জানিয়েছে, ৪ এপ্রিল রোববার গাজীপুর সদরের বাসন এলাকায় ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর কার্যালয়ে ১০ থেকে ১২ জনের ডাকাত দল হানা দেয়। অস্ত্রের মুখে ১০ লাখ টাকা লুট করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ধাওয়া করে তাঁদের মধ্য থেকে সজীব (১৯), রমজান (২১) ও সবুজ (২৫) নামে তিনজনকে আটক করে। পরে সবুজ নামের একজনকে নিয়ে তাঁর সহযোগীদের ধরতে পুলিশ মঙ্গলবার রাতে টঙ্গীর আরিচপুরে অভিযানে যায়। এ সময় পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়া পরা অবস্থায় সবুজ পালিয়ে যান। গাজীপুরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আকতারুজ্জামান জানিয়েছেন, দায়িত্বে অবহেলার কারণ দেখিয়ে জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন ও তাঁর সঙ্গে থাকা দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।