গাজীপুরে হাতবোমা বিস্ফোরণ, আহত ১ গ্রেপ্তার ২
গাজীপুর সদর উপজেলার সামন্তপুর এলাকায় গত মঙ্গলবার রাতে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে স্থানীয় জেনারেটর অপারেটর রাজু মিয়া (১৮) গুরুতর জখম হয়েছেন।এ ঘটনায় আলাল আহমেদ (২৩) ও রুহুল আমিন (১৮) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার সামন্তপুর বাজারের জেনারেটর ও কেব্ল ব্যবসায়ী নাজমুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে চৈতন্যপুর গ্রামের আলালের বিবাদ চলে আসছিল। আলাল আহমেদ সন্ত্রাসী নিয়ে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে সামন্তপুর বাজারে নাজমুলের অফিসের সামনে পরপর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটান। এ সময় জেনারেটর অপারেটর রাজু আহত হন। পরে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী একটি মোটরসাইকেলসহ আলাল ও রুহুলকে আটক করে পুলিশে দেয়। রাজুকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নাজমুল ইসলাম বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা করেছেন। গতকাল বুধবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে।