গাজীপুরে হামলার পর দৈনিক মুক্ত সংবাদের প্রকাশনা বন্ধ
সন্ত্রাসী হামলার পর গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক মুক্ত সংবাদ পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে গেছে। এদিকে এ হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন জেলার সাংবাদিকেরা।শহরের রাজবাড়ি সড়কে অবস্থিত দৈনিক মুক্ত সংবাদ কার্যালয় গতকাল শনিবার সারা দিন বন্ধ ছিল। পত্রিকার সম্পাদক সোহরাব হোসেন জানান, নিরাপত্তার অভাবে তাঁরা কার্যালয় খোলার সাহস পাচ্ছেন না। পরিবেশ অনুকূলে না আসা পর্যন্ত পত্রিকা প্রকাশ সম্ভব নাও হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।এদিকে গতকাল শনিবার বিকেলে গাজীপুর প্রেসক্লাবে প্রতিবাদ সভায় সাংবাদিকেরা হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সাংবাদিকেরা।একটি সংবাদ প্রকাশের জের ধরে গত শুক্রবার রাত আটটার দিকে সন্ত্রাসীরা দৈনিক মুক্ত সংবাদ-এর কার্যালয়ে ঢুকে সম্পাদক সোহরাব হোসেনকে মারধর করে। পরে ৫০-৬০ জন সন্ত্রাসী দৈনিক মুক্ত সংবাদ বন্ধের দাবিতে রাজবাড়ি সড়কে বিক্ষোভ মিছিল করে এবং সাংবাদিকদের হাত কেটে নেওয়ার হুমকি দেয়।