গাজীপুরে হামলায় যুবদলের ১০ কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জে যুবলীগের নেতা-কর্মীদের হামলায় ১০ যুবদলের কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত সাতজনকে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল শুক্রবার বিকেলে ট্রলারে পৌর যুবদলের সম্মেলনে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। যুবদলের নেতা-কর্মীরা দাবি করেছেন, হামলার সময় ট্রলার থেকে নদীতে লাফিয়ে পড়ে তাঁদের দুই কর্মী নিখোঁজ রয়েছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলার সভাপতি এ কে এম ফজলুল হক মিলনের কালীগঞ্জের বরতুলের গ্রামের বাড়িতে পৌর বিএনপির সম্মেলন চলছিল। ফজলুল হক মিলন এতে প্রধান অতিথি ছিলেন। কালীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা ট্রলারে করে সম্মেলনে যাচ্ছিলেন। বিকেল পাঁচটার দিকে ট্রলারগুলো কালীগঞ্জ বাজারের বোটঘাট এলাকায় এলে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, তাঁর ভাই ভুট্টু ও মাসুমের নেতৃত্বে ২০/২২ জন নেতা-কর্মী ট্রলারে দা, লাঠি ও চাপাতি নিয়ে হামলা করে। এ সময় অনেকে নদীতে লাফিয়ে পড়েন। হামলায় গুরুতর আহত নুরু মিয়া, মামুন, বাবুল, আরিফ, রতন এবং নুরুল ইসলামকে বিভিন্ন ক্লিনিকে ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।কালীগঞ্জ পৌর যুবদলের নবনির্বাচিত সভাপতি নাজিম হোসেন অভিযোগ করেন, যুবলীগের লোকজনই তাঁদের কর্মীদের ওপর হামলা করেছে। মুঠোফোন বন্ধ থাকায় মাইনুলের বক্তব্য পাওয়া যায়নি। কালীগঞ্জ থানার ওসি কাজী দাউদ হোসেন জানান, বিএনপির দুই পক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এ সংঘর্ষের ঘটনা হয়েছে।