গাজীপুরে হিটস্ট্রোকে দুই ব্যক্তির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পৃথক দুটি এলাকায় গত দুই দিনে হিট স্ট্রোকে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার সিনাবহ গ্রামের সুলতান উদ্দিনের ছেলে আবুল বাশার (৫০) ও মাজুখান গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে রিপন হোসেন চিশতী (৩০)। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকালে অতিরিক্ত গরমে হঠাৎ করে রিপন জ্ঞান হারালে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। অপর দিকে গত রোববার আবুল বাশার টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় তাঁর শ্বশুরবাড়ি বেড়াতে যান। ওই দিন দিবাগত রাতে অতিরিক্ত গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে বাশার জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।