গাজীপুরে হোটেল কর্মচারীকে গলা কেটে হত্যা
গাজীপুর সদর উপজেলার মোগরখাল এলাকায় গত শুক্রবার দুপুরে ঘুমন্ত অবস্থায় এক হোটেল কর্মচারীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে তাঁরই সহকর্মী। গতকাল শনিবার বিকেলে ওই ঘটনায় জয়দেবপুর থানায় হত্যা মামলা হয়েছে। নিহত ব্যক্তির নাম সবুজ আহামেঞ্চদ ওরফে রাজীব (২৫)। তাঁর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। তিনি হাসা গ্রামের আবু হানিফের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার ভোগড়া বাইপাস মোড়ে রাজন মার্কেটের নিচতলায় প্রিয়াস নামের একটি খাবার হোটেলে বয়ের কাজ করতেন রাজীব ও রেজাউল। তাঁরা দুজনেই সদর উপজেলার মোগরখাল এলাকার আতিকুল ইসলামের বাসায় ভাড়া থাকতেন। তাঁরা রাতের পালায় কাজ করে সকালে বাসায় গিয়ে ঘুমিয়ে থাকেন। দুপুরের দিকে ঘুমন্ত অবস্থায় রাজীবকে তাঁর সহকর্মী ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে পালিয়ে যান। এ সময়ে রাজীব গলার কাটা অংশ হাত দিয়ে চেপে ধরে রেজাউলের পেছনে দৌড়াতে থাকেন। একপর্যায়ে ঢাকা বাইপাস সড়কের পাশে পড়ে যান। এ সময় আশপাশের কয়েকজন লোক তাঁকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজীবকে মৃত ঘোষণা করেন। তাঁদের বাড়ির মালিকের স্ত্রী হালিমা বেগম প্রথম আলোকে জানান, ‘দুপুরে ভাত রান্না করছিলাম। হঠাৎ রেজাউল শরীরে রক্ত নিয়ে দৌড়াতে থাকে। এর একটু পর রাজীব গলা চেপে ধরে পেছনে দৌড়াতে থাকে। রাজীব দৌড়ানোর সময় হাতের ইশারা দিয়ে রেজাউলকে ধরতে বলছিল। ততক্ষণে রেজাউল দৌড়ে পালিয়ে যায়।’ জয়দেবপুর থানাধীন ভোগড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সুজায়েত বলেন, পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে রাজীবকে হত্যা করা হয়েছে।