গাজীপুরে ১০ যাত্রীবেশী ছিনতাইকারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের জয়দেবপুর থানার পুলিশ রোববার রাতে যাত্রীবেশী ১০ জন ছিনতাইকারীকে বাসসহ আটক করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন নীলফামারীর রাশেদ (২০), মানিকগঞ্জের বিল্লাল (২২), যশোরের জাহিদুল (২৪), নরসিংদীর কিরণচন্দ্র দাস (১৯), নেত্রকোনার উজ্জ্বল (২৩), আশুলিয়ার আল আমিন (২২), গাজীপুরের শাহ আলম (২৮), ঢাকার ইসলামপুরের বিপুল ওরফে পলাশ (২৩), টাঙ্গাইলের শহিদুল ইসলাম (২৪) ও জামালপুরের জাহাঙ্গীর আলম (৩০)। এঁদের মধ্যে রাশেদ বাসচালক।জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, রোববার রাত ১২টার দিকে ছিনতাইকারী চক্রটি গাজীপুর সদরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে শ্রীপুরের মাওনা চৌরাস্তা যাওয়ার কথা বলে বাসে ২৩-২৪ জন যাত্রী ওঠায়। বাসটি সালনা ফ্লাইওভারে পৌঁছালে ছিনতাইকারীরা বাতি নিভিয়ে অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেয়। পরে যাত্রীদের চোখে ঝাঁজালো মলম লাগিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় নামিয়ে দেয়। পরে ছিনতাইয়ের শিকার লোকজনের কাছে অভিযোগ পেয়ে পুলিশ শ্রীপুরের মাওনা এলাকায় ব্যারিকেড দিয়ে বাসসহ ছিনতাইকারীদের আটক করে। পুলিশ এদের কাছ থেকে ১৩টি মোবাইল ফোন, একটি ডিজিটাল ক্যামেরা, একটি ভিডিও ক্যামেরা, একটি হাতঘড়িসহ বিভিন্ন মালামাল ও তিনটি ছুরি উদ্ধার করেছে।