গাজীপুরে ১২ হাজার একর বনভূমি বেদখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে বন বিভাগের ১২ হাজার একর বনভূমি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবৈধ দখলে রয়েছে। এর মধ্যে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আওতাধীন সংরক্ষিত এলাকায় জবরদখল করে ৫৯টি শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে।
পরিবেশ ও বন মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে এই মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিকে। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এসব তথ্য জানায় মন্ত্রণালয়।
বৈঠক শেষে সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সংসদীয় কমিটির সভাপতি হাছান মাহমুদ বলেন, গাজীপুরে বন বিভাগের মোট জমির পরিমাণ ৬৬ হাজার ৮০০ একর। কমিটি মনে করে, জবরদখল করে সংরক্ষিত এলাকার আটটি মৌজায় গড়ে ওঠা শিল্পকারখানা তুলে দেওয়া উচিত। তবে কমিটি এ বিষয়ে কোনো সুপারিশ করেনি। ১২ হাজার একর জমি কাদের দখলে আছে, কমিটি মন্ত্রণালয়ের কাছে সেই তালিকা চেয়েছে। সেই তালিকা পাওয়ার পর কমিটি এ বিষয়ে চূড়ান্ত সুপারিশ করবে।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, ৫৯টি প্রতিষ্ঠানের তালিকায় অনেক নামীদামি প্রতিষ্ঠানের নাম রয়েছে। এর মধ্যে কিছু কিছু প্রতিষ্ঠানের নামে মামলা করা হয়েছে।
জাতীয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে কমিটি বন বিভাগের বিভিন্ন দপ্তরে তিন বছরের অধিক সময় ধরে যেসব কর্মকর্তা কর্মরত আছেন, তাঁদের দ্রুত বদলির সুপারিশ করেছে।
হাছান মাহমুদের সভাপতিত্বে বৈঠকে সংসদীয় কমিটির সদস্য পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম, নবী নেওয়াজ, ইয়াহ্ইয়া চৌধুরী, টিপু সুলতান, মজিবুর রহমান চৌধুরী ও মেরিনা রহমান অংশ নেন।