গাজীপুরে ১৬টি চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের পৃথক স্থানে গত বুধবার রাতে অভিযান চালিয়ে সিএনজিচালিত ১৪টি চোরাই অটোরিকশা উদ্ধার করেছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এ সময় চক্রের ‘মূল হোতা’সহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের তথ্যের ভিত্তিতে রাজধানীর উত্তরা ও রামপুরা এলাকা থেকে উদ্ধার করা হয় আরও দুটি অটোরিকশা।গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুর পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসপি মো. আবদুল বাতেন এসব তথ্য জানান। তিনি বলেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ দিন ধরে গাড়ি চুরি করে আসছিল। এর আগে এ জেলায় গাড়ি ছিনতাই করে চালককে খুন করার বেশ কয়েকটি ঘটনা ঘটে। ওই চক্রের সদস্যদের প্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। এর অংশ হিসেবে গত বুধবার রাতে ডিবির সদস্যরা অভিযান চালিয়ে জেলা শহরের ছায়াবীথি আবাসিক এলাকার একটি ভূগর্ভস্থ গ্যারেজ থেকে ১২টি চোরাই অটোরিকশা উদ্ধার করেন। এ সময় সেখান থেকে এ চক্রের মূল হোতা আব্বাস মিয়া ওরফে বাবুল ওরফে শামীমকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দীঘলি গ্রামে।পরে বাবুলের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের লক্ষ্মীপুরা এলাকা থেকে দুটি, রাজধানীর উত্তরা ও রামপুরা এলাকা থেকে আরও দুটি অটোরিকশা উদ্ধার করা হয়। এ ছাড়া এ চক্রের অপর চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন: মজিবুর রহমান, মো. হালিম, মো. সেলিম ও জিল্লুর ফকির। তাঁদের সবার বাড়ি মাদারীপুর সদরে। চক্রের হোতা বাবুল জানান, গাড়িচালকদের কৌশলে চায়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাঁরা গাড়ি অপহরণ করতেন। সারা দেশেই তাঁদের সদস্য রয়েছে।এসপি বলেন, ওই পাঁচজনকে গাজীপুরে ডিবির হাজতে রাখা হয়েছে।