গাজীপুরে তিতাস গ্যাসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ আশিকুর রহমান বলেছেন, গাজীপুরে ৭৩টি অবৈধ বিতরণ লাইন রয়েছে। গ্রাহক সংকেত নেই এমন রাইজারের সংখ্যা ১৬ হাজার ৩৭৭টি। এর মধ্যে চুলা রয়েছে ৩২ হাজার ৯২৯টি।
গাজীপুরের বিভিন্ন এলাকায় নেওয়া অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্নকরণ প্রক্রিয়ার বিষয় নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে এক জরুরি সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে ভাওয়াল সম্মেলনকক্ষে ওই সভায় ডিজিএম ওই তথ্য তুলে ধরেন।
সভায় আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মহসীন, গাজীপুর তিতাস কার্যালয়ের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) জয়নাল আবেদিন, চন্দ্রা শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম, উপব্যবস্থাপক তোরাব হোসেন ও মো. আখেরুজ্জামান প্রমুখ।
সভায় মহাব্যবস্থাপক জয়নাল আবেদিন জানান, ২০১৩ সালের ২০ মে এক সার্কুলার আসে৷ তাতে বলা হয়, তিতাস গ্যাসের নতুন কোনো লাইন স্থাপন করা যাবে না। একই সার্কুলারে আরও বলা হয়, বিদ্যমান লাইন থেকে পূর্বের নেওয়া অবৈধ চুলার সংযোগ বৈধ করতে ২০১৩ সালের ২০ জুনের মধ্যে আবেদন জমা দিতে হবে। এ সার্কুলারের ভুল ব্যাখ্যা করে কিছু ঠিকাদার ও তিতাসের লোকেরা চুলা বৈধতার কথা না বলে নতুন লাইন স্থাপন করেছেন।
নতুন করে আর অবৈধ সংযোগ ও বিতরণ লাইন যেন কেউ করতে না পারেন, সে জন্য সভায় কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।