গাজীপুরে ৩৪ ইউপির সব কটিতে বিএনপির পরাজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের পাঁচ উপজেলার ৩৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের জয়জয়কার হলেও সব কটিতে বিএনপির প্রার্থীর পরাজয় হয়েছে।
বিএনপির দাবি, সরকারি দলের নেতা-কর্মীদের হুমকি, প্রচারণায় বাধা ও প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন না করায় তাদের এমন পরাজয়। তবে তৃণমূলের অভিযোগ, শোচনীয় পরাজয়ের মূল কারণ অযোগ্য প্রার্থীদের মনোনয়ন। নির্বাচন কার্যালয় ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুর সদর, শ্রীপুর, কাপাসিয়া, কালীগঞ্জ ও কালিয়াকৈর উপজেলার ওই ৩৪টি ইউপিতে তিন ধাপে নির্বাচন হয়। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছেন ২৭টিতে। বাকি সাতটির মধ্যে ছয়টিতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ এ কে এম ফজলুল হকের বাড়ি কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নে। তিনি জেলা ও উপজেলা বিএনপিরও সভাপতি। এ ইউনিয়নের প্রার্থীও বিপুল ভোটের ব্যবধানে হেরেছেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহর বাড়ি কাপাসিয়ার ঘাঘটিয়া ইউনিয়নেও বিএনপির প্রার্থী পরাজিত হন।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘সরকারের উন্নয়ন ও আমাদের দলের নেতা-কর্মীদের পরিশ্রমের কারণেই দলীয় প্রার্থীরা বিজয়ী হয়েছেন।’