গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায় গত বৃহস্পতিবার রাতে জুয়া ও অশ্লীল নৃত্যের আসরে অভিযান চালিয়ে ১৩ নারীসহ আটক ৩৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. রাহেনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তাঁকে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম কুদরত-ই-খুদা ও মো. রাসেল মিয়া এবং র্যাবের সদস্যরা সহযোগিতা করেন। গতকাল শুক্রবার দুপুরে গাজীপুরের পোড়াবাড়ি র্যাব-১-এর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
র্যাব-১-এর কোম্পানি কমান্ডার মো. মহিউল ইসলাম বলেন, এলাকাবাসীর অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অবৈধভাবে পরিচালিত জুয়া এবং অশ্লীল নৃত্যের আসরে অভিযান চালানো হয়। এ সময় অশ্লীল নৃত্য পরিবেশন করায় ১৩ নারী এবং জুয়া পরিচালনার অভিযোগে ২১ জন পুরুষকে আটক করা হয়। পরে আসরের প্যান্ডেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ সময় জুয়ার বোর্ড, ১৯টি মুঠোফোন সেট, একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল এবং ৮৯ হাজার ২৫৪ টাকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আটক ৩৩ জনের প্রত্যেককে এক মাস করে এবং অশ্লীলতার অপরাধে এক নারীকে পাঁচ দিনের কারাদণ্ড দেন।
প্রেস ব্রিফিংয়ে র্যাব-১-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩-এর কমান্ডার মোহাম্মদ আবদুল হানিফ, সিনিয়র সহকারী পরিচালক মো. মোর্তাহীন বিল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. রাহেনুল ইসলাম প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসন এলাকার এসব অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে।