গাজীপুরে ৩৬ ইউপিতে নির্বাচন ৩১ মে
গাজীপুর সদরের আটটি ইউনিয়ন পরিষদের মধ্যে শুধু বাড়িয়া ইউনিয়নে নির্বাচন হচ্ছে। প্রস্তাবিত গাজীপুর সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির কারণে সদরের ছয় ইউনিয়নে ভোট হচ্ছে না। এ ছাড়া সদরের আয়তনে সবচেয়ে বড় ইউনিয়ন মির্জাপুরকে ভেঙে তিনটি করার প্রক্রিয়া চলমান থাকায় এখানেও ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। একই সূত্র মতে, আগামী ৩১ মে সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নে ভোট গ্রহণের মধ্যদিয়ে জেলার ইউপি নির্বাচন শুরু হচ্ছে। গত সোমবার গাজীপুর জেলার ৩৬টি ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।তফসিল অনুযায়ী ৩১ মে সদরের বাড়িয়ায়, ৪ জুন কালীগঞ্জের সাতটিতে, ৮ জুন কাপাসিয়ার ১১টিতে, ১২ জুন শ্রীপুরের আটটিতে ও ১৬ জুন কালিয়াকৈরের নয়টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ হবে। গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা শাহে আলম জানান, কালীগঞ্জ উপজেলা সদর ইউপি ইতিমধ্যে পৌরসভায় উন্নীত হওয়ায় এখানেও নির্বাচন হচ্ছে না।